ভারতে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা ও মৃত্যু
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়।
আগের দিন সোমবার শনাক্ত হয় ১ লাখ ২৭ হাজার ৫১০ জনের। গত ৯ এপ্রিলের পর দেশটিতে এদিনই সবচেয়ে কম রোগী শনাক্ত হয়।
বুধবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ৩ হাজার ২০৭ জন। আগের দিন সোমবার মারা যান ২ হাজার ৭৯৫ জন।
এ নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭ হাজার ৮৩২। আর মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন।
গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত মাসে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। ২৪ মে ভারতে দৈনিক করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ১৪ এপ্রিলের পর প্রথম দুই লাখের নিচে নামে।
গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়। ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়।
গত ৭ মে ভারতে প্রথম এক দিনে করোনায় চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর একাধিক দিন দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও ওডিশা।
সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।❐








