বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৩৬ জন
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৩৬ জন। আক্রান্তদের মধ্যে ৭২ হাজার ৫৩০ জন সুস্থ হয়েছেন। এরই মধ্যে গত বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী শহরে উহানের একটি সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজার থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস এখন ইউরোপ ও আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে চীনে আক্রান্ত ও মৃত মানুষের হার কমতে থাকলেও এসব অঞ্চলে তা লাফিয়ে বাড়ছে।
চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটির সরকার গোটা ইতালিতে অবরুদ্ধ করে রাখলেও প্রতিদিন নতুন করে সেখান থেকে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬ জনে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য দিয়ে জানিয়েছে, ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৫ হাজার ১১৩।
এদিকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে চীনে। গতকাল নতুন করে দেশটিতে মাত্র ২১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের। দেশটিতে করোনা আক্রান্তের ঘটনা ৮০ হাজার ৮১৪টি। মৃত্যু হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এছাড়া ৬৪ হাজার ১৫১ জন সুস্থ হয়েছেন।
চীন ও ইতালির পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সেখানে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। দেশটিতে গতকাল ৮৫সহ ৫১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত ১১ হাজার ৩৬৪ জন। এরমধ্যে অবশ্য ৩ হাজার ৫২৯ জন এখন সুস্থ।
চীন, ইতালি ও ইরানের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে—৯০ জন, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়—৭ হাজার ৯৭৯ জন। স্পেনে আক্রান্ত মানুষের সংখ্যাও এখন চার হাজার ছুঁই ছুঁই। যারমধ্যে ৮ জন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪১ জনের, আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩২।
এদিকে আজ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোভি ট্রুযো এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ খামেনি উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী আক্রান্ত হওয়ার আগে তাকে নিয়ে ১৪ দিনের আইসোলেশনে চলে গেছেন জাস্টিন ট্রুডো।
এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো কারও মৃত্যু হয়েছে ভারত ও ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। কর্নাটকের ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর কথা বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু জানান, গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে কর্নাটকের ওই ব্যক্তি দেশে ফেরেন। পরে হায়দরাবাদ বিমানবন্দরে তার পরীক্ষা করা হয়। তবে সে সময় কোনো লক্ষণ ছিল না তার শরীরে। ♦








