নিউ ইয়র্ক টাইমস ৩টি পুরস্কার পুলিৎজার পুরস্কার ২০২২ জিতেছে
নিউ ইয়র্ক টাইমসের ঝুলিতে এবার উঠেছে তিনটি পুলিত্জার পুরস্কার। স্থানীয় সময় সোমবার সাংবাদিকতার অস্কার হিসেবে পরিচিত এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিদ্বন্দ্বী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টও একটি পুরস্কার পেয়েছে। পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে জেফ বেজোস মালিকানাধীন সংবাদপত্রটি। এছাড়া ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার পেয়েছে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। ব্রেকিং নিউজ রিপোর্টিংয়ে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ড। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন টাম্পা বে টাইমসের প্রতিবেদক কোরি জি জনসন, রেবেকা উলিংটন ও এলি মারে। খবর রয়টার্স।
রুশ আগ্রাসন নিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিবেদন পাঠিয়ে যাওয়ায় বিশেষ প্রশংসা পেয়েছে ইউক্রেনের সাংবাদিকরা। এছাড়া চলতি বছরে ইউক্রেন যুদ্ধ কভার করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকদের কথাও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়েছে এবারের পুলিত্জার পুরস্কার অনুষ্ঠানে।
যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় বার্ষিক পুলিত্জার পুরস্কারকে। পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে সবচেয়ে সম্মানজনক বিভাগ হিসেবে গণ্য করা হয়। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের দ্বারা ক্যাপিটাল হিলে হামলা নিয়ে কভারেজের জন্য এবার এ পুরস্কার দেয়া হয়েছে ওয়াশিংটন পোস্টকে।
পুলিত্জার প্রাইজ এডমিনিস্ট্রেটর মার্জরি মিলার বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের হামলার শক্তিশালী ও নির্ভরযোগ্য কভারেজ দিয়েছে ওয়াশিংটন পোস্ট। দেশের সবচেয়ে কালো একটি দিনে তারা জনগণের কাছে সঠিক তথ্য পৌছে দিতে সাহসী ভূমিকা পালন করেছে।
ভারতে করোনা মহামারী কভারেজের জন্য ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার জিতেছে রয়টার্স। বিজয়ী রয়টার্স ফটোগ্রাফার দলে রয়েছেন দানিশ সিদ্দিকী। গত জুলাইয়ে আফগান যুদ্ধ কভার করতে গিয়ে মারা যান এ ফটোগ্রাফার। এ নিয়ে ১০ বার পুলিত্জার পুরস্কার পেয়েছে রয়টার্স।
১৯১৭ সালে পুরস্কার চালু হওয়ার পর ১৩৫ টি পুলিত্জার জিতেছে নিউ ইয়র্ক টাইমস।
শুরুতে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হলেও বর্তমানে ১৫ টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে রয়েছে রিপোর্টিং, রাইটিং, ফটোগ্রাফি, বই, নাটক ও সংগীত।








