দিল্লিতে মদ কিনলে দিতে হবে ৭০% ‘করোনা কর’
ভারতের মানুষ বিভিন্ন রাজ্যে মদের দোকান খোলার অনুমতি দেওয়ায় লকডাউনের মধ্যেই মদ কিনতে দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন।
সোমবার প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি হতে না হতেই রাজধানী দিল্লিতে মদের দোকানগুলোতে ব্যাপক ভিড় জমে যায়। ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছে।
এমন পরিস্থিতিতে মদ কেনার ওপর ৭০ শতাংশ কর আরোপ করে এক নির্দেশনা জারি করেছে কেজরিওয়াল সরকার। একে ‘করোনা কর’ বলা হচ্ছে।
ভরতের সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, সোমবারের সেই নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে যারা মদ কিনবেন তাদের অতিরিক্ত ৭০ শতাংশ ‘করোনা কর’ দিতে হবে। সে হিসাবে ১ হাজার টাকা মূল্যের মদ কিনতে হলে এখন থেকে খরচ করতে হবে ১ হাজার ৭০০ টাকা।
করোনা সংক্রমণ রুখতে মদের দোকানে ভিড় কমানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন দেশটির নাগরিকরা। কারণ মদের দোকান খুলে দেওয়ার পর রেশনের দোকানের থেকেও লম্বা লাইন পড়েছে সেখানে।
তবে এমন নির্দেশনার বিষয়ে ভারতীয় বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা।
তারা বলছেন, দিল্লির রাজস্ব আয় বাড়াতে এই কর আরোপের নির্দেশনা জারি করেছে দিল্লি সরকার। কারণ গত বছর এপ্রিলে দিল্লি সরকারের আয় ছিল ৩,৫০০ কোটি টাকা। চলতি বছর এপ্রিলে তা কমে মাত্র ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এদিকে ভিড় না করে সামাজিক দূরত্ব বজায় রেখে মদ কিনতে নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। নিয়ম না মানা হলে দোকানের লাইসেন্স জব্দ বা সিলগালা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে সোমবার দিল্লির কয়েকটি দোকানে অরাজকতা দেখা গেছে। যদি আমরা কোনও অঞ্চল থেকে সামাজিক দূরত্ব এবং অন্যান্য নিয়ম লঙ্ঘনের বিষয়ে জানতে পারি তবে সেই অঞ্চল সিল করে শিথিলতা বাতিল করতে হবে।’◉








