গোল্ড মাফিয়াদের’ স্বর্গরাজ্য কেন দুবাই?
গত ২০ বছরে বিশ্বের বৃহত্তম স্বর্ণ-বাণিজ্য কেন্দ্রগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে দুবাই। ভারতের পরে সংযুক্ত আরব আমিরাতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং অবৈধ বাণিজ্যের উপর নজর রাখা সংস্থার মতে, দুবাইয়ের বাজারগুলো যখন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করছে, তখন শহরটি অর্থ পাচারকারী এবং স্বর্ণ চোরাচালানকারীদের জন্য একটি পছন্দের গন্তব্য হয়ে উঠছে।
সম্প্রতি ‘গোল্ড মাফিয়া’ শিরোনামে চার পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা। বিভিন্ন দেশের অর্থপাচারকারী ও চোরাচালানকারী চক্র কীভাবে দুবাইয়ের বিভিন্ন ব্যবসাবান্ধব নীতি ব্যবহার করে স্বর্ণ ব্যবসায়ী হয়ে ওঠে ও বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, তা এই প্রতিবেদনে উঠে এসেছে।
জিম্বাবুয়ের ‘স্বর্ণ চোরাচালানকারী’ ইয়ান ম্যাকমিলান। ছদ্মবেশে থাকা আল-জাজিরার অনুসন্ধানী দলের সাংবাদিকদের তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে দুবাই। দুবাই, দুবাই, দুবাই।’
তিন মহাদেশজুড়ে গোপনে কার্যক্রম চালানো কয়েক ডজন স্বর্ণ চোরাচালান চক্র এবং এ সংক্রান্ত হাজার হাজার নথি পর্যালোচনা করে আল-জাজিরা অনুসন্ধানী সিরিজ প্রতিবেদন তৈরি করেছে। তাদের অনুসন্ধানে উঠে এসেছে, এসব স্বর্ণ চোরাচালান চক্রের মাধ্যমে কীভাবে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা শত শত কোটি ডলার মুনাফা করছেন।








