করোনাভাইরাস মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মোদির
করোনাভাইরাস মোকাবিলার পদক্ষেপের বিষয়ে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন।
আজ রবিবার বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের অভিবাদন জানিয়ে তার বক্তব্য শুরু করেন।
মোদি বলেন, আমাদের দেশগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত। তাই এ সমস্যা মোকাবিলায় আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্যঝুকির বিষয়টি যেমন অবমূল্যায়ন করা যাবে না, তেমনই অযথা আতঙ্কিতও হওয়া যাবে না।
করোনাভাইরাস মোকাবিলায় ভারতে গৃহীত পদক্ষেপ বিষয়ে মোদি জানান, ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রতিটি প্রদেশকে আলাদাভাবে প্রস্তুত হতে বলা হয়েছে। এ ভিডিও কনফারেন্সের উদ্দেশ্য এ মহামারি মোকাবিলায় আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি একে অপরকে জানানো।
ভিডিও কনফারেন্সে মোদির সঙ্গে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।
করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর জন্য কোভিড-১৯ জরুরি তহবিল গঠনের প্রস্তাব করে মোদি বলেন, আমাদের সবার স্বেচ্ছা-সহায়তার ভিত্তিতে এই তহবিল গঠন করা যেতে পারে। জরুরি এই তহবিলে প্রাথমিকভাবে ভারত এক কোটি ডলার দিয়ে শুরু করতে পারে।
এই তহবিল ব্যবহারের জন্য দূতাবাসগুলো সমন্বয় করে কাজ করবে জোনিয়ে তিনি বলেন, আমরা চিকিৎসক এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি র্যাপিড রেসপন্স টিম গঠন, পরীক্ষা সামগ্রী এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করছি। তারা সব সময় প্রস্তুত থাকবেন; আপনাদের প্রয়োজন হলে ভারত থেকে তাদের পাঠানো হবে।
মোদি বলেন, আমাদের একটি সাধারণ গবেষণা প্ল্যাটফর্মও গঠন করার বিষয়ে ভাবা উচিত। এ ধরনের কাজের সমন্বয়ে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ সহায়তা করতে পারে। এছাড়া অর্থনীতির ওপর কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদে প্রভাবের বিষয়েও বিশেষজ্ঞরা আমাদের সহায়তা করতে পারেন। এসব উদ্যোগ বাস্তবায়নে সদস্য দেশগুলোকে সমন্বয় করে কাজের তাগিদ দিয়ে মোদি বলেন, এই মহামারি প্রথম নয়; এমনকি শেষও নয়।♦








