আফগানিস্তানে যৌথ অভিযানে হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন
আফগানিস্তানে যৌথ অভিযানের সময় আফগান সেনাবাহিনীর গুলিতে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার দেশটির নানগাহার প্রদেশে এ ঘটনা ঘটে।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট এক বিবৃতিতে জানান, শত্রুপক্ষের এক শীর্ষ নেতাকে ধরতে যৌথ অভিযানের সময় এক ‘আফগান সেনা’ মেশিনগান দিয়ে হঠাৎ তাদের দিকে গুলি ছোঁড়ে।
তিনি বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি। হামলার কারণ বা উদ্দেশ্য এখনও জানা যায় নি।
পাকিস্তান সীমান্তবর্তী নানগাহার দীর্ঘদিন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ছিল। সেখান থেকেই আফগানিস্তানজুড়ে হামলা পরিচালনা করতো তারা। প্রদেশটির কিছু অংশে তালেবানদেরও আধিপত্য রয়েছে।
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আফগান বাহিনীকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো মিশনের অন্তত ১৩ হাজার সৈন্য রয়েছে আফগানিস্তানে।
শনিবারের এই হামলা আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারে তালেবান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








