অনুস্বর ও কিংবদন্তী রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন আজ
আজ ২৩ জানুয়ারি কিংবদন্তী স্বাধীন বাংলা বেতার সঙ্গীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন।
তিনি বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্পী। তিনি মূলত বাংলাদেশের উত্তরবঙ্গে প্রচলিত লোকসঙ্গীত ভাওয়াইয়া গানের শিল্পী হলেও দেশাত্মবোধক, ভক্তিগীতি,বাউল গানে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। একই সঙ্গে বাংলা চলচ্চিত্রে গান গেয়েও অবিস্মরণীয় হয়ে রয়েছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম ও নিয়মিত কণ্ঠ ছিলেন তিনি। তার দরাজ কণ্ঠে অনুপ্রাণিত হয়েছিল অগণিত মানুষ। সেসময় তাঁর গাওয়া গানগুলো মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছিল। মূলত স্বাধীন বাংলা বেতার থেকে তিনি কণ্ঠযোদ্ধা শিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
শিল্পী রথীন্দ্রনাথ রায় বর্তমানে নিউ ইয়র্ক প্রবাসী। নিউ ইয়র্ক থেকে নিয়মিত প্রকাশিত অনুস্বর ম্যাগাজিনের সম্পাদক শাহ্ জে. চৌধুরী জানিয়েছেন, পত্রিকাটির পক্ষ থেকে শিল্পী রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন উদযাপন করবেন তারা। তিনি জানান, এ আয়োজনে রথীন্দ্রনাথ রায় অনুস্বর ম্যাগাজিনের ‘প্রথম বছর পূরণ সংখ্যা’র মোড়ক উন্মোচন করবেন।
শিল্পী ১৯৪৯ সালের ২৩ জানুয়ারি নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে জন্মগ্রহণ করেন রথীন্দ্রনাথ রায়। তার পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। এরপর তিনি ওস্তাদ পি. সি গোমেজের কাছে সঙ্গীতে তালিম নেন।
মাত্র আট বছর বয়সেই রথীন্দ্রনাথ বেতারে গান পরিবেশন শুরু করেন। এরপর মাত্র তের বছর বয়সে টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন।
মূলত উত্তরাঞ্চলে প্রচলিত লোক গানেই বেশি পাওয়া গেছে রথীন্দ্রনাথ রায়কে। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’, কাউয়ায় কমলা খাইতে জানে না’, ‘আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে’, ‘ও কি ও কাজল ভ্রমরারে’ ইত্যাদি।
রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ১৯৭৯ ও ১৯৮১ সালে ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া ১৯৯৫ সালে সম্মানজনক একুশে পদক লাভ করেন গুণী এই শিল্পী।
বাংলা লোকগানের কিংবদন্তী শিল্পী রথীন্দ্রনাথ রায়কে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।








