ডিস্ট্রিক্ট নির্বাচনে দুই প্রার্থীকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক সমর্থন
আসছে ২৩ জুনের ডেমোক্র্যাটিক পার্টি ও প্রাইমারি নির্বাচনে বদরুন নাহার খান নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট-১৪ থেকে কংগ্রেসওমেন পদে প্রার্থী হয়েছেন। এছাড়াও মোহাম্মদ এন মজুমদার নিউ ইয়র্ক-৮৭ থেকে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচন করতে যাচ্ছেন। এ নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে নিউ ইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশন।
বদরুন নাহার খান জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর সাবেক সভাপতি এবং মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বদরুন নাহার খান মিতা ও মোহাম্মদ এন মজুমদারকে আসছে ২৩ জুনের প্রাইমারি নির্বাচনে ভোট প্রদান এবং সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
বদরুন নাহার খান মিতা তার সমর্থনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এ আয়োজনে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এ পদের জন্য গত এক বছর ধরে আমি কাজ করে আসছি। বর্তমান কংগ্রেসওমেন ওকাসিও এ দুর্যোগের সময় যথাযথভাবে দায়িত্ব পালন করলে কুইন্স ও ব্রঙ্কসে এতো প্রাণহানি হতো না।
তিনি ২৩ জুন প্রবাসী সকল বাংলাদেশি ও সিলেটিকে তার পক্ষে ভোট প্রদানের আবেদন জানান।
মোহাম্মদ এন মজুমদার তাকে সমর্থন করায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের কমিউনিটির মানুষের এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যর্থতা আমরা এখনও নিউইয়র্কের কোথাও নিজেদের অবস্থান সৃষ্টি করতে পারি নি। এমন কেউ নেই, যিনি আমাদের জন্য মেইনস্ট্রিমে কাজ করবেন। তাই সব দ্বিধা-বিভক্তি ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আগামী ২৩ জুনের নির্বাচনে ডিস্ট্রিক্ট-১৪ থেকে নির্বাচনে বদরুন খান ও ডিস্ট্রিক্ট-৮৭ থেকে তাকে ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচিত করার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানান। ⛘








