যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল হচ্ছে
যুক্তরাষ্ট্রের আরো কয়েকটি রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের বারবার সতর্কতা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এক মাসে দেশটিতে কর্মসংস্থান কমে যাওয়ার হার ১৬ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় হোয়াইট হাউসকে এই পদক্ষেপ নিতে হচ্ছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্টে এ পর্যন্ত ৫৬ হাজার ৮০৩ জন মানুষ মারা গেছে। আক্রান্ত ১০ লাখ ১০ হাজার ৫০৭ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের মধ্যে অসঙ্কোচ মেলামেশা বাড়লে কোভিড-১৯ ফের নতুন করে ছোবল হানতে পারে।
তবে লকডাউনের কড়াকড়ি কমানো ছাড়া ক্রমবর্ধমান বেকারত্ব কমানোর আর কোনও পথ দেখছে না প্রশাসন।
লকডাউন শিথিল হতে রাজ্যগুলো হলো কলোরাডো, মিসিসিপি, মন্টানা ও টেনেসি। এর আগে জর্জিয়া, ওকলাহোমা, আলাস্কা ও সাউথ ক্যারোলাইনা রাজ্যগুলোয় পরীক্ষামূলকভাবে একই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের আপত্তির কথা বারবার জানালেও অর্থনৈতিক অচলাবস্থার কথা বলে রাজ্যপ্রশাসন ঝুঁকি সত্ত্বেও লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।
লকডাউনের কবলে পড়ে চাকরি হারিয়ে মধ্য-মার্চে বেকার ভাতার দাবীতে আবেদন জানিয়েছে ২ কোটি ৬৫ লাখ নাগরিক। নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) গত শুক্রবার আভাস দিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতিতে বার্ষিক ৪০ শতাংশ হারে সঙ্কোচন ঘটবে। আগামী বছর বেকারত্বের হার আরও ১০ ভাগ বাড়তে পারে বলে জানিয়েছে সিবিএ।
এদিকে সাধারণ মানুষও লকডাউন তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে।◉
আল জাজিরা








