কাতারে ৫শ’র বেশী বাংলাদেশি করোনায় আক্রান্ত, মারা গেছেন ৩ জন
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাঁচশ’র বেশী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অন্তত ৩ জন মারা গেছেন।
সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসুদ আহমেদ বলেন, ‘কাতারে পাঁচ শতাধিক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন থাকা তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।’
কাতারে কোভিড-১৯ রোগের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে বলে কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুসারে, করোনাভাইরাসে কাতারে মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২৮ জনে।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের দেশে আক্রান্তদের মধ্যে ৩৭৩ জন পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।
ঢাকার সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, কাতারে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি কাজ করছেন।◉








