সামনে অপেক্ষা করছে এক বিশ্ব মন্দা: গুটেরেস
করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বিশ্বনেতাদের এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিয়ো গুটেরেস।
বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে ভাইরাসটির বিস্তার ঠেকানো না গেলে তা দুনিয়াজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৫৯৪। মৃতের সংখ্যা ১০ হাজার ৫০। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে।
বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ‘আমরা যদি ভাইরাসটিকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে দিই, বিশেষত বিশ্বের সবচেয়ে দূর্বল অঞ্চলগুলিতে; তাহলে এটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে।’
তিনি বলেন, আমাদের সামনে অপেক্ষা করছে এক বিশ্ব মন্দা, যার মাত্রা হয়ত অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ফলে উন্নত দেশগুলোর সহায়তা এখন তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমরা যদি সেই সহযোগিতা দিতে না পারি, তার পরিণতি ভয়াবহ হতে পারে। মৃত্যু হতে পারে লাখ লাখ মানুষের।
গুটেরেস বলেন, বিশ্বব্যাপী সংহতি কেবল নৈতিক কারণেই নয়, এটি সবার স্বার্থে প্রয়োজন। জি-২০ দেশের নেতাদের প্রতি দরিদ্র দেশগুলোতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। ♦








