চার প্রবাসীকে হোম কোয়ারেন্টিন না মানায় অর্থদণ্ড
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও সাড়ে তিন শতাধিক ব্যক্তিকে মঙ্গলবার হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের বেশিরভাগ বিদেশফেরত ব্যক্তি। তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মানিকগঞ্জ ও শরীয়তপুরে হোম কোয়ারেন্টিন না মানায় চার প্রবাসীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন অর্ধশত বিদেশফেরত ব্যক্তি। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। রংপুর বিভাগীয় কমিশনারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গাজীপুরের পূবাইল থেকে করোনা সন্দেহে আরও ৪ জনকে কুয়েত-মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কিছু জায়গায় বিদেশফেরত মানুষের কোনও তথ্য প্রশাসনের কাছে নেই। এ সুযোগে অনেকে দেশে ফেরার পর রিপোর্ট না করে বাড়িতে অবস্থান করছেন।
এতে স্বাস্থ্য বিভাগও কোনো ব্যবস্থা নিতে পারছে না। করোনাভাইরাস ও রোগী সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ায় জনগণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সারা দেশ থেকে প্রতিনিধিরা জানাচ্ছেন,
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): সরকারি নির্দেশনা না মেনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদেশফেরত প্রায় অর্ধশত বাংলাদেশি নাগরিক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা রয়েছে।
মানিকগঞ্জ ও সাটুরিয়া: হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে চলাফেরা করায় মানিকগঞ্জে দুই জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সাটুরিয়ায় ইরাক প্রবাসীকে ১০ হাজার টাকা ও ঘিওরে অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে মঙ্গলবারও মানিকগঞ্জে ৯৩ জন বিদেশফেরত ব্যক্তি এসেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শরীয়তপুর: শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে চলাফেরা করায় ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ২জন সৌদি আরব ও ইতালি প্রবাসী।
বরিশাল: বরিশাল বিভাগে ৯০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। এদের মধ্যে বরিশালে ২৬, ভোলায় ৬, পিরোজপুরে ১৯, পটুয়াখালীতে ২১, বরগুনায় ৮ ও ঝালকাঠিতে ১০ জন রয়েছেন।
হবিগঞ্জ: হবিগঞ্জে ৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। লাখাই উপজেলার করাব গ্রামে ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা না মেনে বিয়ে করায় বর-কনেকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রামে বিদেশফেরত আরও ২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে গত এক সপ্তাহে ৩১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হল।
হোসেনপুর (কিশোরগঞ্জ): হোসেনপুর উপজেলায় ৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বড়লেখা (মৌলভীবাজার): বড়লেখায় ১২ দিনে ৫ শতাধিক প্রবাসী দেশে ফিরলেও মাত্র ৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
রংপুর ও কাউনিয়া: রংপুরে ৬ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ১ মার্চ রাতে সরকারি সফরে আমেরিকায় যান রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। গত সোমবার ভোরে তিনি দেশে ফেরেন। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি স্বেচ্ছায় রংপুর পৌঁছে সার্কিট হাউসের একটি কক্ষে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সহকারী কমিশনার শুভাশিষ।
জুড়ী (মৌলভীবাজার): জুড়ীতে বিদেশ ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে আরও ৪ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন।
কাউখালী (রাঙ্গামাটি): কাউখালীর ঘাগড়ায় চীন ফেরত এক উপজাতীয় তরুণীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা তিনজনই নেদারল্যান্ডস থেকে ফিরেছেন।
ফরিদপুর: ফরিদপুরে এ পর্যন্ত ৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে ৪ জন সম্প্রতি ইতালি থেকে আর ২ জন ফ্রান্স থেকে দেশে ফিরেছেন।
নওগাঁ: নওগাঁর দশ উপজেলায় বিদেশ ফেরত আরও ৪৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।
বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে ৭ বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে ৯৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতালে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার ২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ের ভৈরবদী গ্রামে বেড়াতে আসা ইতালি প্রবাসী যুবককের শরীরে করোনাভাইরাস রয়েছে সন্দেহে তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে রাজধানীর মহাখালীতে পাঠানো হয়।
কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় বিদেশ ফেরত ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বরগুনা: বরগুনার ৬টি উপজেলায় ১৫ দিনে বিদেশ থেকে ৮ শতাধিক ব্যক্তি এলেও তাদের কোনও সঠিক তথ্য জানাতে পারছেন না মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা।
মনপুরা (ভোলা): মনপুরা সদর হাসপাতালে করোনা পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। এমনকি বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়নি।
পূবাইল (গাজীপুর): পূবাইলের একটি হাসপাতালে রাখা ইতালি ফেরত ৪৮ জনের মধ্য থেকে আরও ৪ জনকে কুয়েত-বাংলাদেশ মেত্রী সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে মোট ৮ জনকে স্থানান্তর করা হল।
সিলেট: লন্ডন প্রবাসী নারীসহ ৩শ’ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে ২৯৮ জন রয়েছেন সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন। ১০ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কোয়ারেন্টিনে যান।
সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা ১৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের গায়ে মৃদু জ্বর ও সর্দি-কাশি রয়েছে।
জয়পুরহাট: ২০ জন প্রবাসীকে সেফ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
কাউনিয়া (রংপুর): কাউনিয়ায় চারজন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জে বিদেশ ফেরত ৩ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: রাজবাড়ীর ৫টি উপজেলার ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ১১ জনকে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বগুড়া: বগুড়ায় কয়েকদিনে ৭০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার ৩৫ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়।♦








