যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৫ জন
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৫ জন মারা গেছেন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার মিসৌরির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হন। হামলাকারী নিজেও মারা যান।
আহত হয়েছেন অন্য এক পুলিশ কর্মকর্তাসহ আরও দুজন। পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
পুলিশ এখনও ওই হামলার কারণ জানাতে পারে নি। হামলাকারীর পরিচয় এখনও জানা যায় নি। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ এবং দুইজন নারী।
স্থানীয় পুলিশ প্রধান পল উইলিয়ামস সোমবার জানিয়েছেন, রোববার রাতে শহরের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটে। পেট্রল স্টেশন ও দোকানে হামলা চালায় বন্দুকধারী।
তিনি জানান, বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা যাচ্ছে নিজের বন্দুকেই সে মারা গেছে।
এ ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন। ♦








