রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করতে গিয়ে ভুল হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারদের তালিকা দ্রুত প্রকাশ করতে গিয়ে ভুল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজাকারদের তালিকা নিয়ে যাচাই-বাছাই না করেই প্রকাশ করে বেআক্কেলের মতো কাজ করেছি। এর জন্য আমি দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা চেয়েছি।’
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে জেলার ১১টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন এবং এ উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারদের তালিকায় আসবে এটি অসম্মানজনক, দুঃখজনক। ওই রাজাকারদের তালিকায় আমার নাম থাকলে আমি যতটা কষ্ট পেতাম, তেমনি কষ্ট পেয়েছি আমার সহকর্মীদের নাম ওই তালিকায় প্রকাশ হওয়ায়। তবে রাজাকারদের তালিকা হবেই ইনশাআল্লাহ। কোনো রাজাকার ছাড় পাবে না।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সঠিক ইতিহাস এবং সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। আর ইতিহাস মুছে গেলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি লাভবান হবে। তারা জয়ী হবে। দেশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে। তাই বর্তমান সরকার সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি, বড় বড় যুদ্ধের স্থানসমূহ, গণহত্যা এবং বধ্যভূমিসমূহে একই ডিজাইনে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।








