ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হলো বিজয় দিবস
শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডে বসবাসরত প্রবাসীদের অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের ইরভিং মিডল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের একটি অংশের অডিও বার্তায় বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জিয়াউর রহমানের নাম ঘোষণা করা হলে বিষয়টিকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি’ হিসেবে বিবেচনা করেন উপস্থাপিকা শতরুপা বড়ুয়া। প্রতিবাদে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ ছাড়া উপস্থিত আওয়ামী লীগ নেতা কর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু সরকার উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুতই দায়ী ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর ক্ষুদে শিল্পীদের একক পরিবেশনা ও নৃত্য, কালাচাঁদ রায় সরকারের একক সঙ্গীত, ভয়েজ অব আমেরিকার সাংবাদিক আনিস আহমেদের কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে। এরপর বাগডিসির নিজস্ব পরিবেশনা গীতি- আলেখ্য – ‘হৃদয়ে বাংলাদেশ’ এবং হৃদয়বীনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান – ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ পরিবেশিত হয়। সবশেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায় তার কালজয়ী কতিপয় গান পরিবেশন করেন।প্রতিবছরের মতো বাগডিসি এবারও দু’জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করে। মুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদকে উত্তরীয় পরিয়ে এই সম্মাননা জানানো হয়।
ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টির স্কুল বোর্ড চেয়ারপারসন তানিয়া তলেন্তো এবং ভাইস প্রেসিডেন্ট মনিক ওগ্রাডি বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ছবি তুলেছেন বৈশাখী ডালাস








