নিরাপত্তারক্ষীর বন্দুক নিয়ে পালাল জঙ্গি, জম্মু-কাশ্মীরে তল্লাশি
ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে গেছে এক জঙ্গি। এ ঘটনায় ওই এলাকায় তল্লাশি শুরু হয়েছে। সেখানে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার বেলো এলাকায়।
পুলিশ জানায়, ওই এলাকায় টহল দিচ্ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। তাদেরই সহকারী উপপরিদর্শক পদের এক জওয়ানের হাত থেকে রাইফেল নিয়ে পালিয়ে যায় এক জঙ্গি। ঘটনার পরই যৌথ অভিযানে নেমেছে পুলিশ, সেনা, সিআরপিএফ।
২০২২ সালে কাশ্মীরে জঙ্গি দমনে সাফল্য পেয়েছেন নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর পুলিশের পরিসংখ্যান বলছে, গত বছর কাশ্মীরে সংঘর্ষে দমন হয়েছে ১৭২ জন জঙ্গি। তাদের মধ্যে ৪২ জন বিদেশি। উপত্যকায় গোটা বছরে মোট ৯৩টি সংঘর্ষ হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে ১০৮ জনই লস্কর-ই-তৈয়বার। তার পরই রয়েছে জইশ-ই-মহম্মদ। ওই গোষ্ঠীর ৩৫ জন জঙ্গি নিহত হয়েছে। হিজবুল মুজাহিদীনের ২২ জন জঙ্গি, আল-বদরের চারজন, আনসার গজওয়াত-উল-হিন্দের তিন জঙ্গি নিহত হয়েছে। এ তথ্য দিয়েছেন কাশ্মীর পুলিশের এডিজি।
পুলিশের তথ্য থেকে আরো জানা যায়, ২০২২ সালে জম্মু ও কাশ্মীর থেকে ১০০ জন জঙ্গিদলে নাম লিখিয়েছে। তবে গত বছরের তুলনায় ৩৭ শতাংশ কমেছে যোগদান। নতুন নিযুক্তদের মধ্যে ৬৫ জনই নিহত হয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি








