বিতর্কিত তুর্কি ধর্মগুরু আদনান ওকতারের ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড
যৌন নির্যাতনসহ বেশ কিছু অপরাধের দায়ে তুরস্কের বিতর্কিত টিভি ধর্মপ্রচারক আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার এক পুনঃবিচারে এ রায় দেন ইস্তাম্বুলের উচ্চ ফৌজদারি আদালত। খবর আল জাজিরার।
ওকতার অনলাইন টেলিভিশন চ্যানেল এ৯ এ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সৃজনশীলতা ও রক্ষণশীল মূল্যবোধ প্রচার করতেন। অধিকাংশ অনুষ্ঠানে নারীরা ছোট পোশাকে টিভি স্টুডিওতে তার চারপাশে নৃত্য করতেন। তুরস্কের ধর্মীয় নেতারা ওকতারের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করতেন।
এ ছাড়া হারুন ইয়াহিয়া ছদ্মনামে বিশ্বের একাধিক ভাষায় বইও প্রকাশ করেছেন ওকতার।
পরে ২০১৮ সালে ওকতারের বাড়িতে অভিযান চালিয়ে শত শত অনুসারীসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় প্রকাশ পায়, তিনি বিতর্কিত ইসলামিক ধর্মীয় নেতার ছদ্মবেশে একটি অপরাধী চক্র চালান যারা বিভিন্ন প্রকাশনা সংস্থা ও মিডিয়া আউটলেটের মাধ্যমে আন্তর্জাতিক বিবর্তনবিরোধী প্রচারণা চালায়। এ সময় তার অনলাইন এ৯ টিভি চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়।
২০২১ সালের জানুয়ারি মাসে ১০টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয় ওকতারকে। এসবের মধ্যে রয়েছে- অপরাধী চক্র চালানো, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি, কিশোরীদের যৌন নির্যাতন, ধর্ষণ, ব্ল্যাকমেইল ও পীড়ন করা। ওই সময় এসব অপরাধের দায়ে তাকে এক হাজার ৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা উচ্চ আদালতে বাতিল হয়ে যায়।
বার্তা সংস্থা আনাদোলু জানায়, পুনঃবিচার চলাকালে ইস্তানবুল উচ্চ ফৌজদারি আদালত ওকতারকে যৌন নির্যাতন এবং নারীদের স্বাধীনতা হরণসহ বেশ কয়েকটি অপরাধে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
এ ছাড়া আরও ১০ সন্দেহভাজনের প্রত্যেককে ৮ হাজার ৬৫৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।








