আ.লীগের জন্য দোয়া চেয়ে আলোচনায় চট্টগ্রামের ডিসি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ যাতে আবারো ক্ষমতায় আসে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান। গত বৃহস্পতিবার সকালে ডিসির কাছে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ডিসির কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের জয় কামনায় সবাই হাত তুলে মোনাজাতে অংশ নিলে সে সময় ডিসিও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত তুলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়ারুলের জয় কামনা করেন।
ডিসি মমিনুর রহমান সে সময়ে বলেন, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকার জন্য স্বাধীনতার সপক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও আওয়ামী লীগের জন্য আমাদের সবারই দোয়া করা উচিত। তার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে সবাই নিরাপদে থাকবে। এজন্য আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াতের সবারই উচিত এ সরকার এবং আওয়ামী লীগের জন্য দোয়া করা, যেন শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং ডিসি মোহাম্মদ মমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গা পূজা সামনে রেখে সম্প্রীতি সভার অনুষ্ঠান চলছিল। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এক প্রার্থী আমার কাছে তার মনোনয়নপত্র জমা দিতে আসেন। সে সময় হঠাৎ তারা মোনাজাত ধরেন। হঠাৎ মোনাজাত ধরায় আমার কিছুই করার ছিল না। আমি এমনিতেই অংশ নিয়েছি। তাছাড়া সেদিন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আমি এর পরে দুর্গা পূজা উপলক্ষে সম্প্রীতি সভায় পূজায় করণীয় সম্পর্কে বক্তব্য দিয়েছি। সেখানে যে বক্তব্য তা বিকৃত করা হচ্ছে। অন্য বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে।
এদিকে এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, একজন ডিসি দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের বক্তব্য দিতে পারেন না। দায়িত্বে থাকা অবস্থায় বক্তব্য প্রদানে আরো সতর্ক হওয়া উচিত। অন্তরের ভেতরে কিছু থাকলেও বাইরে নিরপেক্ষতা দেখানো দরকার ছিল। এমনিতেই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা, অবিশ্বাসের জায়গা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।








