Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeবাংলাদেশবঙ্গবন্ধু হত্যায় সবচেয়ে লাভবান জিয়া ও তার পরিবার : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় সবচেয়ে লাভবান জিয়া ও তার পরিবার : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় সবচেয়ে লাভবান জিয়া ও তার পরিবার : তথ্যমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমান ও তার পরিবার সবচেয়ে লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনই প্রমাণ করে জিয়াউর রহমান জাতির পিতার হত্যাকাণ্ডে জড়িত। জিয়াই বঙ্গবন্ধুর হত্যার অন্যতম কুশীলব।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় তথ্য মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতাকে ভূ-লুণ্ঠিত করে যেভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, নারী ও শিশুকে হত্যা করা হয়েছিল, সেটি ছিল মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধ যারা সংগঠিত করেছিল, তাদের অন্যতম কুশীলব ছিল খন্দকার মোশতাক তো বটেই, তার সঙ্গে জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে উপজাত হিসেবে সৃষ্টি হয়েছে বাংলাদশ জাতীয়তাবাদ। স্বাধীনতা বিরোধীদের এবং রাজনীতিতে যারা সুবিধা নিতে চায়, তাদের সন্নিবেশ ঘটিয়ে বিএনপির সৃষ্টি হয়। সেই বিএনপিসহ স্বাধীনতা বিরোধীরা এখনো স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

দেশের গণমাধ্যমগুলো বিভ্রান্তি সৃষ্টি করছে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, আমি বলবো না, বর্তমান সরকার একেবারে নির্ভুলভাবে দেশ পরিচালনা করছে। আমাদের অবশ্যই ভুল-ত্রুটি আছে। কিন্তু সেটিকে বড় করে দেখিয়ে আজকের প্রেক্ষাপটে বিশ্ব পরিস্থিতিটাকে আড়াল করে, শুধু দেশের পরিস্থিতিকে তুলে ধরে তারা (সংবাদ মাধ্যম) মানুষকে বিভ্রান্ত করছে। বর্তমান পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য তুলে ধরে মানুষের পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী।

আলোচনা সভার আগে ফোরামের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের নীচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, মুক্তিযোদ্ধা সাংবাদিক ফোরাম, নারী সাংবাদিক কেন্দ্র, ডিইউজে বহুমুখী সমবায় সমিতিসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ আয়োজিত ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, বর্তমান সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন প্রমুখ।

Share With:
Rate This Article