অর্পিতার আরেক ফ্ল্যাটে পাওয়া গেল ৩০ কোটি রুপি ও ৫ কেজি স্বর্ণ
পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে তার বিভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়েছে আর্থিক দুর্নীতি তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। অভিযানে অর্পিতার আরেক ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৩০ কোটি রুপি ও ৫ কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে ইডি। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় তদন্তের অংশ হিসেবে সংস্থাটি স্থানীয় বুধবার বেলঘরিয়ায় ওই ফ্ল্যাটে অভিযান চালায় বলে জানিয়েছে এনডিটিভি।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, অর্থপাচার মামলায় তদন্তের অংশ হিসেবে ওই ফ্ল্যাটে ১৮ ঘণ্টা ধরে অভিযান চালায় ইডি। অভিযান শেষে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরের দিকে ১০ ট্রাঙ্কভর্তি অর্থ উদ্ধার করা হয়।
ইডি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, কর্মকর্তারা ফ্ল্যাটটির ওয়ারড্রব, শৌচাগার, প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা নগদ অর্থ উদ্ধার করেন। এসব অর্থ গুণতে ইডি কর্মকর্তাদের তিনটি নোট গণনাযন্ত্র ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে নগদ অর্থের পাশাপাশি ২ কোটি রুপি মূল্যের সোনার বার ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়েছিল।সব মিলিয়ে অর্পিতার কাছ থেকে ৫০ কোটি টাকা জব্দ করা হয়।








