আল জাজিরার সাংবাদিক শিরিনকে হত্যার নিন্দায় জাতিসংঘ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরিন আবু আকলার হত্যাকাণ্ডের নিন্দা করেছে। পরিষদ অবিলম্বে তার মৃত্যুর ঘটনা তদন্তেরও আহ্বান জানিয়েছে।
শুক্রবার আবু আকলার শেষকৃত্যের উদ্যোগের সময় ইসরায়েলি পুলিশের হামলার পরে বিশ্বসংস্থার এই পদক্ষেপ এলো। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, পাথর নিক্ষেপের পর তারা ওই পদক্ষেপ নেয়।
শেষকৃত্যের জন্য সমবেত লোকজনের ওপর পুলিশের হামলার সময় শিরিনের কফিন শবযাত্রীদের কাঁধ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়।
বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করার সময় শিরিন আবু আকলা (৫১) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মৃত্যুতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেছে, এর সদস্যরা অবিলম্বে এ হত্যার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
বিবৃতিটি ইসরায়েল সম্পর্কিত কোনো ইস্যুতে নিরাপত্তা পরিষদের ঐক্যের এক বিরল ঘটনা। তবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সমালোচনামূলক বিবৃতিটির ভাষা নিয়ে কঠিন বিতর্ক হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীন যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে বিশ্বব্যাপী মিডিয়ার বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের নিন্দা, তাদের স্বাধীনতা রক্ষা এবং সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় সুরক্ষার আহ্বান জানানো অনুচ্ছেদগুলো বাদ দিতে সফল হয়। এর বদলে বিবৃতির ভাষ্যে বলা হয়েছে, সাংবাদিকদের ‘বেসামরিক লোক হিসেবে’ সুরক্ষা দেওয়া উচিত।
বিবিসি








