ইউক্রেনকে আরও ১৫ কোটি ডলার সহায়তা দিলেন বাইডেন
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সবশেষ সামরিক সহায়তা প্যাকেজে ১৫ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা আনাদুলু বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইউক্রেনের জন্য নতুন অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছেন। এতে অতিরিক্ত আর্টিলারি যুদ্ধাস্ত্র, কাউন্টার-আর্টিলারি রাডার এবং অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। পূর্ব ইউরোপের দেশটিতে রাশিয়া যুদ্ধ অব্যাহত রাখায় সবশেষ এই প্যাকেজ অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের স্বাধীনতার ক্ষেত্রে কংগ্রেস যে অস্ত্র ও সরঞ্জামগুলি সরাসরি সামনের সারিতে অনুমোদন দিয়েছে আমরা সেগুলো পাঠাচ্ছি।’ গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সহায়তা প্যাকেজের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ‘ইউক্রেনে নৃশংস ও বিনা উস্কানিতে পূর্ণ সামরিক আক্রমণ’ শুরু করার পর থেকে ওয়াশিংটন ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা সহায়তার আওতায় প্রায় ৩৪০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম দিয়েছে।
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ও তাদের নাগরিকদের স্বাধীনতা রক্ষার জন্য কার্যকরভাবে ব্যবহার করা অস্ত্র প্রদান অব্যাহত রাখব বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরো বলেন, সামরিক সহায়তার পাশাপাশি আমরা ইউক্রেনে সরাসরি মার্কিন আর্থিক সহায়তা, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার নৃশংসতার প্রমাণ নথিভুক্ত করার জন্য সমর্থন এবং পুতিনের ভেঙে পড়া অর্থনীতির ওপর চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখব।
জাতিসংঘের হিসাব বলছে, রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে কমপক্ষে ৩ হাজার ৩০৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ৪৯৩ জন। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৫৭ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেলে অন্যান্য দেশে পালিয়ে গেছে। এ ছাড়া অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৭ লাখ মানুষ।








