বিজেপির কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র কোলকাতা শহর
ভারতের ক্ষমতাসীন বিজেপির ‘নবান্ন চলো’ কর্মসূচিকে ঘিরে কোলকাতায় দিনভর উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে কোলকাতার একাংশ কার্যত রণক্ষেত্রে রূপ নেয়। মুহুর্মুহু টিয়ারশ্যালের পাশাপশি বিজেপি নেতাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এদিন দুপুর ১২টায় রাজ্য বিজেপির সদর দফতর থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাতে যোগ দিতে সকাল থেকেই উত্তর কোলকাতা এবং আশেপাশের জেলা থেকে দলের সমর্থকরা এসে ভিড় করেন। বিজেপির দফতর সংলগ্ন ৬০০-৭০০ মিটার এলাকা বিজেপি সমর্থকদের দখলে চলে গিয়েছিল।
বিজেপির মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ায় আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তাপস ঘোষ, সায়ন্তন বসু প্রমুখ।
এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ওপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে বিজেপি কর্মী–সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ করেছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে বোমবাজি, ইট–পাটকেল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাওড়া ময়দানে এক বিজেপি নেতার নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।❐








