হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা ইতালি ফেরতদের বিক্ষোভ
ইটালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষোভ করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ইটালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ১৪২ বাংলাদেশি।
তাদেরকে বেলা ১২টায় বিমানবন্দর থেকে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়। এখানে আনার পর তাদের পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পর যখন তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা আসে। তা শুনে ক্ষুব্ধ হন তারা।
হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন এবং প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন। এসময় ১০ মিনিট বিক্ষোভের পর পুলিশ তাদেরকে ভেতরে সরিয়ে নেয়।
একজন বলেন, আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনও উপসর্গ ছিল না। এরপরেও কেন আমাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না। এছাড়া ক্যাম্পের ভেতরের পরিস্থিতি থাকার মতো নয়।
তারা অভিযোগ করেন, হজক্যাম্পে আনার পর তাদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলছে না। শুধু পানি ছাড়া তারা কোনও খাবার পাচ্ছেন না। তারা আরও অভিযোগ করেন, তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যারা আসছে, সকলেই সুস্থ আছেন। কেউ অসুস্থ নাই। সেভাবে আমরা পাই নি। তাদের হজক্যাম্পে নিয়ে রেখেছি। সেখানে রেখে তাদের পরীক্ষা করব। তারা সংক্রমিত কি না, দেখব। আমরা জেনেছি তারা অনেকে সার্টিফেকট নিয়ে এসেছে। তারা সেখানেও কোয়ারেন্টাইনে ছিল। যদি দেখি সবাই সুস্থ সেক্ষেত্রে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইটালিতে যেহেতু বেশি ছড়িয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেখান থেকে যারাই আসবে তারা কোয়ারেন্টাইনে থাকবে। প্রথমে তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে, পরে হোম কোয়ারেন্টাইনে থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ১৪২ জন সেখানে এসেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি কোথা থেকে এসেছে। অনেকে হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছে। আজ বিকালে আরও ৩৪ জন আসবে। আগামীকাল ১৫৫ জন আসার কথা শুনেছি।
উল্লেখ্য, ইটালি ফেরত ১৪২ প্রবাসী আজ শনিবার বাড়ি ফিরতে পারছেন না। শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ হোম কোয়ারেন্টাইনে পাঠানোর আগে যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য আশকোনা হজ ক্যাম্পে আপাতত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। বৃহত্তর স্বার্থে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নির্দেশ দিয়েছেন।♦








