স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ পড়লেন রইজ উদ্দিন আহম্মেদ
এবারের সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েছেন আলোচিত ও সমালোচিত এস এম রইজ উদ্দিন আহম্মেদ।
বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান বিষয়ক একটি সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগে। ওই তালিকায় সাহিত্যে স্বাধীনতা পদক পাওয়া এস এম রইজ উদ্দিন আহম্মেদের নাম বাদ পড়ে।
তবে সাহিত্য ক্যাটাগরিতে নতুন কারো নামও ঘোষণা করা হয় নি। যার ফলে এবারের স্বাধীনতা পদকে সাহিত্য ক্যাটাগরিই বাদ পড়েছে।
গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ২০২০ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।
তবে এই নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে এস এম রইজ উদ্দিন আহম্মদকে নিয়ে বেশ আলোচনা তৈরি হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন মি. আহম্মদের নাম এর আগে তারা শোনেন নি বা তার কোনও সাহিত্য কর্ম সম্পর্কে তাদের জানা নেই। তবে মি. আহম্মদের দাবি তিনি প্রচারবিমুখ। তার ৩০টিরও বেশি বই ছাপা হয়েছে। ♦








