Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকসিআইএ কর্মকর্তা নিহত হওয়া নিয়ে পাল্টাপাল্টি দাবী

সিআইএ কর্মকর্তা নিহত হওয়া নিয়ে পাল্টাপাল্টি দাবী

সিআইএ কর্মকর্তা নিহত হওয়া নিয়ে পাল্টাপাল্টি দাবী

আফগানিস্তানে বিধ্বস্ত বিমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কোনও কর্মকর্তা ছিলেন না বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সূত্র।
 
সোমবার ওই নজরদারি বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ইরানি গণমাধ্যমের দাবি– আল-কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার নেপথ্যে যে মার্কিন কর্মকর্তা ছিলেন, নিহতদের মধ্যে তিনিও রয়েছেন। কিন্তু তারা কোনও প্রমাণ দেখাতে পারেন নি। -খবর মেইল অনলাইন ও বিজনেস ইনসাইডার
 
পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানের গানজিতে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের এই যোগাযোগ বিমানটি।
 
মেইল অনলাইন সূত্র জানায়, আফগানিস্তানের দিহ ইয়াকে এই দুর্ঘটনায় মাইকেল ডি’আন্দ্রিয়া ছিলেন বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য। এ ছাড়া কোনো সিআইএ সদস্য নিহত হওয়ার দাবিও উদ্ভট।
 
ইরানি টেলিভিশন ডি’আন্দ্রিয়ার কোনো আলোকচিত্র প্রচার না করে ২০১২ সালের ‘জিরো ডার্ক থার্টি’ নামের একটি চলচ্চিত্রের অভিনেতা ফ্রেডরিক লেহনির ছবি প্রকাশ করে। চলচ্চিত্রটিতে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যায় মার্কিন অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে।
 
এর আগে দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ধ্বংসস্তূপ থেকে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের অবগত করার আগে তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে সিএনএনের খবরে জানা গেছে।
 
উচ্চপদস্থ কর্মকর্তাদের বহনকারী ই-১১এ যোগাযোগ বিমানটি গুলি করে ভূপাতিত করার যে দাবি তালেবান করেছে, তাও প্রত্যাখ্যান করেন মার্কিন কর্মকর্তারা।
 
মেইল অনলাইন বলছে, বিপ্লবী গার্ডসের কমান্ডার সোলাইমানিকে হত্যাসহ বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডি’আন্দ্রিয়ার নিহত হওয়ার দাবি করে তালেবানের বিবৃতিতে আরও সম্প্রসারিত করেছে ইরানি গণমাধ্যম।
 
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন মূলত হলিউড তারকা ফ্রেডরিক লিহনের ছবি সম্প্রচার তাকেই ডি’আন্দ্রিয়ার নামে চালিয়ে দিতে চাচ্ছে। জিরো ডাক থার্টি নামের একটি চলচ্চিত্রে তিনি সিআইএর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন।
 
এ দুর্ঘটনা নিয়ে বিভিন্ন ভুয়া খবর প্রচার করা হচ্ছে। ফারসি টেলিভিশনে উন্মক্তের মতো দাবি করা হয়, এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
 
ক্রেমলিনপন্থি ওয়েবসাইট ভিটারানস টুডের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম মেহর নিউজ বলছে, ডি’আন্দ্রিয়া নিহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য হস্তগত করা হয়েছে।
 
ভিটারানস টুডের খবরে রুশ গোয়েন্দা সূত্রের কথা উল্লেখ করা হয়েছে। এসব খবরে দাবি করা হয়েছে, এই বিমানটি যুক্তরাষ্ট্রের মানসম্মত কোনো যোগাযোগ বিমান ছিল না। কিন্তু এতে ডি’আন্দ্রিয়ার মোবাইল কমান্ড সেন্টার ও অন্য উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারা ছিলেন।
 
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যার পর ফরাসি ওয়েবসাইটগুলোতে বারবার ডি’আন্দ্রিয়ার নাম চলে আসছে। বিপ্লবী গার্ডস সংশ্লিষ্ট তাসনিম নিউজে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সিআইএর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন ডি’আন্দ্রিয়া।
 
তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, বিমান বিধ্বস্তে নিহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে বিধ্বস্ত হয় এটি।
 
এ ছাড়া বিধ্বস্ত এলাকায় পাঠানো মার্কিন সমর্থিত আফগান বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানোরও দাবি করেন তিনি। তবে আমেরিকান উদ্ধার দল তালেবানের পক্ষ থেকে কোনো প্রতিরোধের মুখোমুখি হওয়ার কথা অস্বীকার করেছে।
 
শত্রুদের হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি বলে যদি তদন্তে বেরিয়ে আসে, তবে চলমান মার্কিন-তালেবান আলোচনা ভিন্ন দিকে যাবে না বলে মত বিশ্লেষকদের।
Share With:
Rate This Article