সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রীর মৃত্যু
সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা শাহানারা আব্দুল্লাহ মারা গেছেন।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
শাহান আরা আব্দুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমুও গভীর শোক প্রকাশ করেছেন।
বেগম শাহান আরা আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি বরিশালে রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন শাহান আরা।
গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে বিএসএমএমইউ-তে ভর্তি করান। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক শাহানারা আব্দুল্লাহ ছিলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী।
তার মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ⛘








