Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রশেষ সময়েও ট্রাম্পের গোঁয়ারের মতো আচরণ

শেষ সময়েও ট্রাম্পের গোঁয়ারের মতো আচরণ

শেষ সময়েও ট্রাম্পের গোঁয়ারের মতো আচরণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ সময়েও একগুঁয়ে গোঁয়ারের মতো আচরণ করে চলেছেন। মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত পরবর্তী প্রেসিডেন্টের হাতে দায়িত্ব হস্তান্তর করে যান ও উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে থাকেন।

কিন্তু ইতিহাসের ব্যতিক্রম ঘটিয়ে বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই ঘোষণা দেন ট্রাম্প।

উত্তরসূরির জন্য একটি গোপন চিঠি রেখে যাওয়ার নিয়ম বিদায়ি মার্কিন প্রেসিডেন্টদের। ট্রাম্প বাইডেনের জন্য তেমন কোনও চিঠি রেখে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

২০ জানুয়ারি বুধবার শপথ অনুষ্ঠানের আগেই ওয়াশিংটন ছাড়ার কথা ভাবছেন ট্রাম্প। বাইডেনের শপথ নেওয়ার আগেই ফ্লোরিডার একটি পাম বিচে চলে যাবেন তিনি। এয়ারফোর্স ওয়ানের অ্যান্ড্রুজ ঘাঁটিতেই বিদায়ি অনুষ্ঠানের পার্টি করবেন তিনি। বিদায়ি অনুষ্ঠান কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও ২১ গান-স্যালুট হতে পারে। ভাষণও দিতে পারেন ট্রাম্প।

সেখানে তার হয়ে কাজে যোগ দেবেন হোয়াইট হাউজের কিছু ঘনিষ্ট কর্মী। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তার পরামর্শদাতারা।

কিন্তু এখন পর্যন্ত সে সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে একাধিক মার্কিন প্রেসিডেন্টের উত্তরসূরি নিয়ে সমস্যা থাকলেও তারা শপথে থেকেছেন। কেউ একসঙ্গে যান নি। কেউ গোমড়া মুখ করে বসে ছিলেন। এমনকি উত্তরসূরির দিকে পেছন ফিরে থাকার নজিরও আছে। কিন্তু অভিষেক অনুষ্ঠান বর্জন করার সংস্কৃতি সম্ভবত চালু হতে যাচ্ছে ট্রাম্পের হাত ধরে।

পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন যখন ১২টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন তার আগে সকালেই হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সদর দপ্তর অ্যান্ড্রুজ ঘাঁটিতে বিদায়ি অনুষ্ঠান শেষে ট্রাম্প ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে উড়ে যাবেন। সেখানে তার মার-আ-লাগো রিসোর্টে পরবর্তী জীবন শুরু করবেন।

রীতি অনুযায়ী হোয়াইট হাউজের ওভাল অফিসে জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনকে চা-চক্রে আমন্ত্রণ জানানোর প্রটোকলও ভাঙতে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্প না থাকলেও এসব আনুষ্ঠানিকতায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স থাকবেন। শুক্রবার তিনি ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত কমলা হ্যারিসকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের দুই মাসেরও বেশি সময় পর কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন পেন্স এবং তাকে সহায়তারও আশ্বাস দিয়েছেন। রীতি অনুযায়ী বাইডেনের জন্য গোপন চিঠি রেখে যাবেন কি না ট্রাম্প, রেখে গেলেও সেই চিঠিতে কী লিখবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে যান পরবর্তী প্রেসিডেন্টের জন্য।

যেখানে উত্তরসূরিকে নানা বিষয়ে পরামর্শ দেওয়া থাকে বিদায়ী প্রেসিডেন্টের পক্ষ থেকে। ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের জন্য এমন কোনও চিঠি রেখে যাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয় । চিঠি রেখে গেলেও তাতে জো বাইডেনকে তিনি কী পরামর্শ দিতে পারেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেখে যাওয়া এমন চিঠি ডোনাল্ড ট্রাম্প অতিথিদের দেখাতেন। যেখানে সাবেক পূর্বসূরি হিসাবে ওবামা দেশের গণতন্ত্র ও সংবিধানের সমুন্নত রাখার চমৎকার সব কথা লিখেছিলেন। সাফল্য কামনা করেছিলেন উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।❐

রয়টার্স

Share With:
Rate This Article