রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের হামলা
রাশিয়ার একটি তেলের ডিপোতে ইউক্রেনে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। আজ শুক্রবার দেশটির বেলগরদ শহরে দুটি ইউক্রেনীয় হেলিকপ্টার এ হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালানোর পর এই প্রথম নিজ দেশের মাটিতে বিমান হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। খবর রয়টার্স।
অনলাইনে প্রকাশিত কথিত হামলার কয়েকটি ভিডিও চিত্র দেখে মনে হয়েছে তেলের ডিপো লক্ষ্য করে কম উচ্চতা থেকে বেশ কয়েকটি মিসাইল ছোড়া হয়েছে। এতে ডিপোটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে এই ভিডিও চিত্রগুলো রয়টার্স যাচাই করে নিশ্চিত করতে পারেনি।
বেলগরদের গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকোভ বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল হেলিকপ্টার দুটো। সেখানে কম উচ্চতা থেকে বেলগরদের তেল স্থাপনায় হামলা করে তারা।
এ ঘটনায় তেল স্থাপনায় আগুন ধরে দুই কর্মী আহত হয়েছেন বলে জানান গ্লাদকভ। এ সময় শহরের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছিল বলে তিনি জানান।
এদিকে অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি বলে পৃথক একটি বিবৃতিতে জানিয়েছে ডিপোটির মালিকানায় থাকা রুশ তেল সংস্থা রোজনেফট। যদিও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
দেশটির জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনভ জানিয়েছেন, এ ঘটনায় গ্রাহকদের জন্য জ্বালানি সরবরাহ ও দামে কোনো প্রভাব পড়বে না।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।








