ভারতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
আগামী ৩১ মার্চ পর্যন্ত মেইল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকালসহ সব ধরনের ট্রেন সেবা বন্ধ থাকবে। এছাড়া, মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোলকাতা মেট্রো পরিষেবাও।
আজ রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কোলকাতার সংবাদমাধ্যম জানায়, বৈশ্বিক মহামারীতে পরিণত করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের মেইল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হচ্ছে। যদিও কোলকাতা ও শহরতলীতে লোকাল ট্রেন এবং কোলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনও চলছে। মধ্যরাত থেকে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। গণপরিবহনের এ সেবা বন্ধ থাকবে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত। তবে মালামালবাহী গাড়ির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে সকাল ৭টা থেকে ভারতজুড়ে ‘জনতা কারফিউ’ শুরু হয়েছে। রাত ৯টা পর্যন্ত চলবে এই কারফিউ। জনতা কারফিউয়ের কারণে রোববার সকাল থেকেই ফাঁকা বেশিরভাগ শহরের রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। জরুরি প্রয়োজনে অল্প কিছু লোক ঘর থেকে বের হচ্ছেন। রাস্তায় সরকারি বাস থাকলেও তাতে যাত্রী নেই বললেই চলে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩২ জন, মারা গেছেন অন্তত ছয়জন।








