ভারতের প্রধানমন্ত্রী মোদি ঢাকা আসবেন ১৭ মার্চ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদযাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।
বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, সফরে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাবো।
রবীশ কুমার আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মোদির বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর বাতিলের দিনই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করল। ♦








