প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন প্রথম ভারত সফরে
প্রথমবারের মতো দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি নয়াদিল্লি ও আহমেদাবাদে অবস্থান করবেন।
মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের ভারত সফরের এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে দিল্লি পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট। পরদিন তিনি যাবেন আহমেদাবাদে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেছেন, সফরকালে ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এই সফর ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। দুই দেশের নাগরিকদের নৈকট্য বাড়াবে।
দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে মোদির যুক্তরাষ্ট্র সফরের পথ ধরেই এবার ট্রাম্পের ভারত সফর হতে যাচ্ছে। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন চলার সময়ে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হন। এরপর দুই নেতা হিউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের অংশগ্রহণে আয়োজিত মেগা অনুষ্ঠান ‘হাউডি মোদি’ সমাবেশে মিলিত হন। এর আগে আগস্টে ফ্রান্সের বিয়ারিটজ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও মোদির সাক্ষাৎ হয়।








