নিউইয়র্কে ২টি ছাড়া সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা
নিউইয়র্ক লকডাউন ঘোষণার ফলে বাংলা ভাষার ১৫টি পত্রিকা আপাতত না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশ ও সম্পাদকগণ।
করোনা আক্রান্ত এই দুর্যোগের মধ্যেও সাপ্তাহিক প্রথম আলো, উত্তর আমেরিকা ও সদ্য প্রকাশিত নবযুগ পত্রিকাটি নিয়মিত প্রকাশ হবে বলে জানিয়েছেন এ দুই পত্রিকার সম্পাদক। নিউইয়র্ক অঙ্গরাজ্য লকডাউন ঘোষণা করা হলেও পত্রিকা বন্ধের কোনও নির্দেশনা নেই।
নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি পত্রিকা তাদের এডিটর কাউন্সিল নামের একটি সংগঠনের পক্ষ থেকে ২১ মার্চ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকাগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক ঠিকানা, বাঙালী, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং প্রবাস।
প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনও দুর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রেস বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকা থেকে প্রকাশিত হবে।
সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সমস্ত মসজিদ-মন্দিরও বন্ধ। গ্রোসারি দোকানগুলো এখনও খোলা। সেখানে তারা নিজেরা পত্রিকা পৌঁছে দেবেন।
অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনুরোধ করেছেন। আমাদের টিম সার্বক্ষনিক সংবাদ নিয়ে কাজে রয়েছেন। সংকটেও তথ্য জানানোর সব আয়োজনই আমরা উন্মুক্ত রাখার চেষ্টা করছেন বলে তিনি জানান।
সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আামদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারেও নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ হবে; এবং আমাদের পাঠকের কাছে আমরা পৌছে দেবো।
তিনি জানান, এর মধ্যে প্রশাসন থেকে পত্রিকা বন্ধের কোনও ঘোষণা না এলে আমাদের পত্রিকা প্রকাশ হবে।
উল্লেখ্য, গেল ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার প্রকাশিত হয় নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয় নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয় নি সাপ্তাহিক পরিচয়। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, শিখর , রানার, বাংলাদেশ প্রতিদিন ও প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে। ♦
বিজ্ঞপ্তি








