ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল ইসলাম বিপু হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলা থেকে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের সাঁটলিপিকার সোহানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবু, বাবুল ওরফে চায়না বাবুল, তারিকুল ইসলাম ওরফে মিল্লাত, খায়রুল বাশার এবং সুমন ওরফে পাতলা সুমন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
খালাসপ্রাপ্তরা হলেন- সোহেল, আলম, আজাহারুল ইসলাম ওরফে পারভেজ, মামুন এবং উজ্জল।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৬ জুলাই ঢাকার ডেমরার বাসা থেকে ঢাবি শিক্ষার্থী বিপুকে ডেকে নিয়ে যান বাবু। এরপর তাকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায় বাবু ও তার সহযোগীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
এ ঘটনায় ওই দিনই বিপুর মা লায়লা বেগম ডেমরা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ নভেম্বর ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিপুকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ডেমরা থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম মামলার তদন্ত করেন।








