চীন মধ্য ও পূর্ব ইউরোপে বন্ধু হারাচ্ছে
মধ্য ও পূর্ব ইউরোপের উল্লেখযোগ্য সংখ্যক দেশ চীন থেকে মুখ ফিরে নিচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরেও দেশটির সঙ্গে চীন ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় দেশগুলো পিছু হটছে।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ শনিবার পর্যন্ত টানা ২৫৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে সংঘাত চলছে।
আজ পর্যন্ত চীন রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানায়নি। উল্টো দেশটি থেকে অনেক কিছুর আমদানি বাড়িয়েছে বলে অভিযোগ। এতে করেই নাখোশ মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশ।
২০১০ সালের শুরুর দিকে মধ্য ও পূর্ব ইউরোপের এসব দেশ চীনের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু পরবর্তীতে এটি হতাশায় পরিণত হয়েছে। ২০১২ সালে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপের ১৬টি দেশ মিলে ‘১৬ প্লাস ওয়ান’ প্রতিষ্ঠা করে। এসব অঞ্চলের বেশিরভাগ দেশ যার মধ্যে রয়েছে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া এই গ্রুপে যোগ দেয়। পরবর্তীতে ২০১৯ সালে গ্রিস এতে যোগ দেয়।
এরপর প্রায় প্রতিবছরেই এসব দেশকে নিয়ে চীন বার্ষিক সামিটের আয়োজন করে। দেশগুলোকে অবকাঠামোতে বিনিয়োগ এবং টেকনোলজিতে সাহায্যের আশ্বাস দেয়। তবে পরবর্তীতে এসব দেশ চীনের কার্যক্রমে হতাশ হতে থাকে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরু করলে।








