তালেবানের দখলে পাকিস্তানের থানা, শঙ্কায় স্কুল বন্ধ
এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বানু অঞ্চলে। এলাকাটির একটি পুলিশ স্টেশন দখলে নিয়েছে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) যোদ্ধারা। জিম্মি করে রেখেছে নিরাপত্তা রক্ষীদের। টানা তিন দিন ধরে চলছে এই অচলাবস্থা।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই পুলিশ স্টেশনে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। তবে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন বলছে, তারা অভিযান শুরুর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
এদিকে প্রদেশটির কর্তৃপক্ষ আজ মঙ্গলবার স্থানীয় সকল স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তালেবানের যোদ্ধারা শিক্ষার্থীদের অপহরণ করতে পারে-এই ভয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থানায় বন্দী টিটিপির অন্তত ৩০ জন সদস্য নিরাপত্তা কর্মীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং থানার নিয়ন্ত্রণ দখলে নেয়।
খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র মুহাম্মদ আলি সাইফ বলেছেন, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের নিরাপদে পাঠানোর দাবি করেছে। বিনিময়ে তারা অন্তত আট জন পুলিশ কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে ছেড়ে দেবে।
দেশটির সরকারের সিনিয়র এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জিম্মিদের যেন মুক্তি দেওয়া হয়-এ ব্যাপারে আফগান সরকারের কাছ থেকে সাহায্য চেয়েছে পাকিস্তানের কর্মকর্তারা।








